মোঃ আব্দুর রব, সিলেট প্রতিনিধি:
সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুন বলেছেন, আমরা বিগত সময়ে আমাদের এলাকা থেকে সব ভাল মানুষকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছি এটা সঠিক,কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এখান থেকে যারা পাস করেছেন তাদের মেক্সিমামই কখনো রাজনীতি করেন নাই, তারা রাজনীতিবীদ না।
যে কারণে তারা যখনই সংসদে গিয়েছেন, গিয়ে আর নড়াচড়া করতে পারেন নি। তিনি আজ জকিগঞ্জের বারহালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিতে গিয়ে চাকসু মামুন বলেন, আমি আমার ৪৬-৪৭ বছরের রাজনীতিতে এলাকার জন্য চিৎকার দিয়েছি।
যেখানেই সুযোগ পেয়েছি এলাকার জন্য কথা বলেছি।কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন আপনাকে তো আগে দেখি নি, তাদের উদ্দেশ্য চাকসু মামুন বলেন, আপনারা অনেকেই জানেন না যে, গত ১৭টা বছর আমাদের কিভাবে গিয়েছে, গত ১৭ বছরে ১১২ টি মামলা মোকাবেলা করেছি। একদিনও নাই, যেদিন শান্তিতে বাড়িতে ঘুমাতে পেরেছি। শুধু আমি না, আপনাদের সন্তানেরা অনেকেই বাড়িতে ঘুমাতে পারেন নাই।
রাজনৈতিক মামলা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে চাকসু মামুন বলেন, মামলার পর মামলা, পুলিশি নির্যাতন কন্টিনিউস ছিল আমাদের। ১৮ সালের পর থেকে এমন অবস্থা হয়েছে যে, আমি বারহাল দিয়ে ঢুকছি কোন বিয়ের অনুষ্ঠানে যাবো,আমার সামনে এক গাড়ি পুলিশ।
আমি যেদিকে যাচ্ছি সেদিকে পুলিশ,এমন অবস্থা ছিল কোন বিয়ে বাড়িতে গেলেই সামনে এক গাড়ি পুলিশ দাঁড়ানো। এমন অবস্থায় আমাদেরকে চলতে হয়েছে।
নির্বাচিত হলে কোন রাজনৈতিক মামলা হবে না উল্লেখ করে চাকসু মামুন বলেন, আমি সুস্পষ্ট ভাবে বলছি, আমি নির্বাচিত হলে জকিগঞ্জ কানাইঘাটে কোন রাজনৈতিক মামলা হবে না। আপনারা নিশ্চিন্তে যে যার মতো করে রাজনীতি করতে পারবেন।
এ সময় এলাকায় শান্তি সৌহার্দ্য বজায় রাখতে ও সারা বাংলাদেশের মধ্যে পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান চাকসু মামুন।